‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল দেশের সব জেলায় একযোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি ও অনলাইনে যুক্ত প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুবসমাজ শুধু নিজেদের কর্মসংস্থানই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সপ্তম ব্যাচের এ প্রশিক্ষণ। দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।