নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, সিআইডি পুলিশ নারায়ণগঞ্জের এসপি নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর বাবুল হোসেনসহ সিআইডি পুলিশের কর্মকর্তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাইনুল হাসান বলেন, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মসজিদে দুটি বিদ্যুতের লাইন ছিল, তার মধ্যে একটি বৈধ এবং একটি অবৈধ লাইন; এ বিষয়ও খতিয়ে দেখা হবে। এছাড়া মসজিদটি নির্মাণে কোনো ত্রুটি আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।
তবে এ ঘটনায় গঠিত পাঁচটি সংস্থার তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে সিআইডি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। যারা যারা এ ঘটনায় দোষী প্রমাণিত হবে, তাদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। ডিআইজি বলেন, ঘটনার পর থেকেই সিআইডি পুলিশ ছায়া তদন্ত করেছে। অনেক আলামত সংগ্রহ করেছে, সেসব আলামত ফরেনসিক বিভাগে পরীক্ষা করে এবং স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব বিস্ফোরণের কারণ চিহ্নিত করে এর সঙ্গে সংশ্লিষ্ট যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।










