বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৩০ মার্চ) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন। আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, যতটুকু শুনেছি, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, জেলখানায় তার লিভার সিরোসিস হয়েছে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি, কারাগারে তাকে স্লো পয়েজিং করা হয়েছে। তাকে একটি স্যাঁতস্যাঁতে ঘরে রাখা হয়েছিল, দেয়ালের আস্তর ভেঙে পড়ছিল, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করত। এরকম অবস্থা মোকাবেলা করেছেন তিনি।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় ঈদ উদযাপন করছেন। সেখানে তার দুই পুত্রবধূ ও তিন নাতনি রয়েছেন। পরিবারের সঙ্গে একান্তভাবে ঈদ কাটাচ্ছেন তিনি।

লন্ডনে এটি খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন। দশ বছর পর তিনি ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন। এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদ উদযাপন করেছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক জাহিদ বলেন, তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।