এছাড়া কক্সবাজারে বঙ্গোপসাগর উপকূলে নিউজিল্যান্ডের এক পরিবারের সদস্যদের বহনকারী একটি কাঠের ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ রয়েছে। প্রতিনিধিদের খবর—
মাদারীপুর: জেলার রাজৈর উপজেলায় পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার (৬) ওই গ্রামের নাসির শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর: জেলার গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো শ্যামপুর এলাকার ফজলুর রহমান ফজুর ছেলে ফারহান (৭) ও একই এলাকার বাবলুর ছেলে লাম ইসলাম (৮)। স্থানীয়রা জানান, নদীতে গোসলের সময় পানির স্রোতে শিশু দুটি তলিয়ে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে উদ্ধার করা হয়।
ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পুকুরে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে। মামার বাড়িতে বেড়াতে এসে দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের তোফি বিশ্বাসের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডু থানার ওসি জুলফিকার আলী জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলার হড়িয়াখালী গ্রামে খালের পানিতে ডুবে মো. শান্ত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আল-আমিন মোল্লার ছেলে। সকালে শিশুটির মা ও অন্য নারীরা রাস্তার পাশে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। শান্ত তখন কাছেই খেলছিল। সকাল ৮টার দিকে সে বাড়ির পশ্চিমের খালে পড়ে যায়। স্বজনরা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার: জেলার বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করলেও ১৬ বছর বয়সী এক কিশোর নিখোঁজ রয়েছে।
গতকাল দুপুরে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। আর জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে কক্সবাজার ও আশপাশ এলাকায় ভ্রমণ করছিলেন। গতকাল একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।










