নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি দ্বিতল টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম শম্পা বেগম (২০)। তিনি সুমন মিয়ার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ফতুল্লার ক্রোনি গার্মেন্টে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফতুল্লার শাসনগাঁও ক্রোনি গার্মেন্টের পেছনের একটি টিনশেড ঘরে গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। রাতে কারখানায় নাইট ডিউটি করে এসে ঘরে ঘুমিয়ে ছিলেন শম্পা বেগম। স্ত্রী ঘুমিয়ে থাকায় তার স্বামী সুমন মিয়া মাগরিবের নামাজ পড়তে দরজায় তালা দিয়ে ঘর থেকে বের হন। নামাজ শেষে এসে দেখেন ঘর আগুনে পুড়ছে। পরে স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, মুসলিমনগর ক্রোনি গার্মেন্টের পেছনে একটি দ্বিতল টিনশেড ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, দ্বিতল টিনশেড ঘরটিতে মোট ২০টি কক্ষ ছিল। ঘরের দরজায় তালা লাগিয়ে যাওয়ার কারণেই শম্পা দগ্ধ হয়ে মারা গেছেন।
তিনি বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, শম্পা বেগমের বাড়ি জামালপুর জেলায়। চলতি মাসে তারা এ ঘরটি ভাড়া নেন।










