হাইকোর্টের বিচারপতি এ কে,এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (২৪ মার্চ) সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে হাইকোর্টের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দান করেছেন।’

‘এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।