তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূর ব্রেন্ট টি ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করা হয়। তিনি বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’
ক্রিস্টেনসেন বলেন, ‘তার এ সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনেই সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সফরকালে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরের শেষ দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে তার। সেখানে তিনি রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক শীর্ষ পর্যায়ের আরেকটি সফর। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিক এবং হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিভিত্তিক দায়িত্ব গ্রহণ করেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিকে আঞ্চলিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে সার্জিও গর ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন।










