দেশের নদ-নদীর খসড়া তালিকা করা হয়েছে। সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় এই খসড়া তালিকা প্রকাশ করে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, খসড়া হিসেবে নদ-নদীর সংখ্যা ১ হাজার ১৫৬টি। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর এ তালিকা প্রকাশ করা হয়েছে। আরো যাচাই-বাছাইয়ের পর নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এসময় পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সমন্বিতভাবে উদ্যোগটা গ্রহণ করেছি। পূর্বে এক মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়ের যোগসূত্র থাকতো না। এবার দুইটা মন্ত্রণালয়ের সমন্বয়ে এই খসড়া তৈরি করা হয়। আগামী পহেলা বৈশাখে আমরা সম্পূর্ণ তালিকা প্রকাশ করব। যদি ভূমি মন্ত্রণালয়কে যুক্ত করতে হয় আমরা তা করব। এবং নদীর তালিকাটা সঠিকভাবে করার চেষ্টা করব।
মৃত নদী বলে কোনোকিছু নেই বলে তিনি বলেন, প্রবাহহীন নদী মানে মৃত না। মৃত নদী টার্মটা ব্যবহৃত হয় নদী দখলের ক্ষেত্রে। যদি এটা দেখানো যায় যে, নদী মৃত হয়ে গেছে তাহলে এই নদী লিজ দেয়া যায়। এরপরে হয় দখল।
ঢাকা শহরের দূষণ থেকে নদীকে রক্ষা নিয়ে তিনি বলেন, আমরা ঢাকার তিনটি নদী নিয়ে কাজ শুরু করব। এ তিনটি নদী হলো, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ। এ তিন নদীকে দূষণমুক্ত করতে হবে।
এরইমধ্যে হাওরের চূড়ান্ত তালিকাও করা হয়ে গেছে বলেও এ সময় জানান তিনি।










