প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করেছেন তার প্রতিষ্ঠিত হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র। স্মরণসভায় বক্তারা বলেছেন, ডা. জাফরুল্লাহ ছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে বিকল্প চিন্তার অগ্রপথিক। তিনি বেঁচে থাকলে চিকিৎসা খাত সমৃদ্ধ হতো। দেশের মানুষের উপকার হতো। তিনি বাংলাদেশের এক নতুন পরিচয় উন্মোচন করে গেছেন। এজন্য সবার হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সেবা দেয়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওয়ার্ড বয় তাকে নিয়ে আবেগঘন বর্ণনা তুলে ধরেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলতাফুন্নেছা মায়া (ট্রাস্টি), ডা. আবুল কাশেম চৌধুরী (ট্রাস্টি), নারীনেত্রী শিরিন পারভীন হক (ট্রাস্টি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা, চ্যানেল২৪-এর নির্বাহী পরিচালক তরুণ চক্রবর্তী ফিজু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরো অনেক শুভানুধ্যায়ী। এছাড়া গণস্বাস্থ্যের চিকিৎসক, কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, কর্মচারীরা সভায় অংশ নেন।










