রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা থেকে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।
গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার সালমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটায় হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।
গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতার সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।










