২০০৬ সালে প্রণীত ভিসানীতি সংশোধন করে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়।

আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, ২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এ লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।

বিদেশী বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, বিদেশীরা ইনভেস্ট করতে এলে আমরা নানানভাবে লাভবান হব। এজন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি। এসব বিষয়ে সার্বিকভাবে ৫টি ভিন্ন আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

ভিসানীতি ২০২৬ প্রণয়নের উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিদেশীদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশী বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসানীতি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।