স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুরাতন বিমানবন্দর এলাকার জাতীয় প্যারেড স্কয়ারে এ আয়োজন শুরু হয়। সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মার্চপাস্ট শুরু হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজের পাশাপাশি আকাশ প্রদর্শনীর আয়োজনও রাখা হয়েছে।

জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান
জাতীয় প্যারেড স্কয়ারে এ আয়োজন দেখতে হাজারো দর্শনার্থী ভিড় করেন। উপস্থিত দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। এ সময় দর্শনার্থীদের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা গেছে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
সাধারণ মানুষের প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট নির্ধারণ করা ছিল। দিবসটি উপলক্ষে পুরো প্যারেড স্কয়ার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।










