নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মুখোশ উন্মোচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি। গতকাল সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১৩ নং সেক্টরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের উন্নত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী হিসেবে অভিহিত করে শাজাহান খান বলেন, আপনি বিদেশীদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা আনছেন। আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, ক’জনকে ট্রেনিং দিয়েছেন; আমি তার তথ্য বের করছি।

তিনি বলেন, ইলিয়াছ কাঞ্চন কোত্থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সে হিসাব আমি জনসমক্ষে তুলে ধরব।

তিনি আরো বলেন, একটু তলে হাত দিয়ে দেখেন সমস্যাটা কোথায়। সমস্যা ড্রাইভার না, সমস্যা আমাদের শ্রমিক না, মূল সমস্যা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)। যতক্ষণ পর্যন্ত বিআরটিএর সক্ষমতা না আসবে, ততক্ষণ পর্যন্ত সড়কে পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফিরে আসবে না।

শাহজাহান খান বলেন, সড়ক নিরাপদ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে তা হতে হবে বাস্তবমুখী।

সড়ক পরিবহন আইনের পরিবর্তন দাবি করে তিনি বলেন, এ আইনের পরিবর্তন প্রয়োজন রয়েছে। আইন চালকদের জন্য সহনীয় পর্যায়ে হতে হবে। একটি পক্ষ একতরফাভাবে চালকদের শাস্তির দাবি করে আসছে। কিন্তু অন্য যারা জড়িত, তাদের আড়াল করে চলেছে। সড়ক নিরাপদ করতে হলে সড়কের আধুনিকায়ন ও সংস্কার, প্রকৌশল ত্রুটি রোধসহ সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, জাল লাইসেন্সধারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিআরটিএর জনবল বৃদ্ধি করতে হবে, যাতে লাইসেন্সের জন্য গিয়ে চালকদের ভোগান্তি পোহাতে না হয়।

ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী সিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধূরী, বিআরটিএ চেয়ারম্যান ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।