ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পেল শ্রীলংকা। গতকাল কেরালার থিরুভানাথাপুরামে সিংহলিজদের ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আগের বড় হারটি ছিল আয়ারল্যান্ডের। ২০০৮ সালে আইরিশদের ২৯০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
ভারতের এ জয়ের নায়ক শুভমান গিল, বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ। প্রথম দুজনের সেঞ্চুরিতে ভারত পায় ৩৯০ রানের বিশাল সংগ্রহ। এরপর সিরাজ ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন চার উইকেট। সঙ্গে মোহাম্মদ শামি (২/২০) ও কুলদীপ যাদবও (২/১৬) দুর্দান্ত বোলিং করে শ্রীলংকাকে ৭৩ রানে অলআউট করে। লংকানদের ইনিংসের আয়ু ছিল ২২ ওভার।
দুঃসময় কাটিয়ে গত বছর টি২০ বিশ্বকাপ দিয়ে ফর্মে ফেরা কোহলি শ্রীলংকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে তুলে নিলেন দ্বিতীয় সেঞ্চুরি। গুয়াহাটিতে প্রথম ম্যাচে ১১৩ রানের ইনিংস খেলার পর গতকাল কেরালায় তার ব্যাট থেকে এলো আরেক রাজসিক সেঞ্চুরি। মাত্র ৮৫ বলে করেছেন ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৬৬ রানে। এ সেঞ্চুরিতে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ডের আরো কাছে চলে গেলেন কোহলি। ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে শচীন। এদিনই ঘরের মাঠে সেঞ্চুরিতে শচীনকে টপকে গিয়েছেন কোহলি। দেশের মাঠে কোহলির সেঞ্চুরি ২১টি, আর শচীনের ২০টি।
ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল ১৫.১ ওভারে ৯৫ রান তুলে দিলে বড় স্কোর নিয়ে আর ভাবতে হয়নি ভারতকে। রোহিত ৪৯ বলে ৪২ রান করে চামিকা করুনারত্নের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১১০ বলে ১৩১ রান যোগ করেন গিল ও কোহলি। এ পথে গিল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তিনি ৯৭ বলে ১১৬ রান করে কাসুন রাজিথার শিকারে পরিণত হন।
এর পরও ভারতের রান উৎসব চলতে থাকে। কোহলি ও শ্রেয়াস আইয়ার দুরন্ত ব্যাটিংয়ে হতাশ করেন লংকানদের। এ পথেই সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তিনি ২৬৮ ম্যাচে করেন ৪৬টি সেঞ্চুরি, শচীন ৪৯ সেঞ্চুরি করেছেন ৪৬৩ ম্যাচে। শচীনের রানগড় ৪৪.৮৩, আর কোহলির ৫৭.৯০।
৩০টি সেঞ্চুরি করে তিনে সাবেক অজি গ্রেট রিকি পন্টিং। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ২৯টি সেঞ্চুরি করে চারে রয়েছেন রোহিত শর্মা। যদিও টেস্ট সেঞ্চুরিতে কোহলির চেয়ে অনেক এগিয়ে শচীন। ৫১টি সেঞ্চুরি করে সবার শীর্ষে শচীন, আর কোহলি করেছেন ২৭টি।
কোহলিকে কাল লংকান বোলাররা আউটই করতে পারেননি। ১১০ বলে ১৩ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার দেড়শোর্ধ্ব ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারে পেয়ে যায় ৩৯০ রানের সৌধ।
শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনেকে টপকে কোহলি এখন পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক (১২,৭৫৪)। তার সামনে কেবলই সনাথ জয়সুরিয়া (১৩,৪৩০), রিকি পন্টিং (১৩,৭০৪), কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) ও শচীন (১৮,৪২৬)।










