জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ষ্ঠ বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ‘ইন্ডিজেনাস প্লান্ট ফর সাসটেইনেবল এনভায়রনমেন্ট’।
আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলন শুরু হবে।
জানা যায়, সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানীরা প্রায় শতাধিক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। অংশগ্রহণকারী গবেষকরা তাদের গবেষণা পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমেও উপস্থাপন করবেন। সম্মেলনটি দুটি সেশনে অনুষ্ঠিত হবে।
প্রথম সেশনে থাকবে— প্লান্ট সিস্টেমেটিক্স, প্লান্ট ইকোলজি ও এনভায়রনমেন্ট, প্লান্ট বায়োডাইভারসিটি, ফরেস্ট্রি, প্লান্ট ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি, এগ্রোনমি ও হর্টিকালচার এবং এথনোবোটানি, ফাইটোকেমিস্ট্রি ও হারবাল মেডিসিন।
আর দ্বিতীয় সেশনে থাকবে— মাইক্রোবায়োলজি, মাইকোলজি ও প্লান্ট প্যাথলজি, জেনেটিক্স, সাইটোলজি ও সাইটোজেনেটিক্স, প্লান্ট ব্রিডিং ও ক্রপ ইমপ্রুভমেন্ট, প্লান্ট টিস্যু কালচার ও মলিকুলার বায়োলজি এবং প্লান্ট বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন— বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম. আজিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিশেষ অতিথি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালেহ আহমেদ খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নাজমুল আলম এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল হালিম জানান, প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ২৩টি সম্মেলন হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো নিয়ে একটি প্রকাশনা বের করা হবে।










