বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। শিল্পের অন্যান্য খাতও তাদের জন্য উন্মুক্ত রয়েছে। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দু'দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।’
রোববার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকার প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন ।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দু'দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।’
তিনি বলেন, ‘গতবছরের (২০২৩) মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রীর দুইবার কাতার সফরের মধ্য দিয়ে সেটি আরো বেগবান হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।’
সাক্ষাৎকার নিয়েছেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইন-সহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










