নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোয়িশেন অব বাংলাদশের (রিহ্যাব) নেতারা। এ সময় দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা। আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) এম এম আউয়াল ও ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে আরো ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় এবং রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্লান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতারা বলেন, ড্যাপের কিছু বিধি নিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ সময় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো শোনেন এবং বিস্তারিত লিখিত প্রস্তাব দেয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে রিহ্যাব।