কুমিল্লায় বিদেশী পিস্তলসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুল (৩৪)-কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শিমুল কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। অভিযানে তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়।
সোমবার সকাল ১০টার দিকে কুমিল্লা র্যাব-১১, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান। গ্রেফতার সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুলকে জিজ্ঞাসাবাদের পর মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছে শিমুল। নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল সে। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র্যাব ও সেনাবাহিনীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় সাইফুল ইসলাম নামে অপর এক সন্ত্রাসী পালিয়ে গেছে। গ্রেফতার আসামি শিমুলকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।










