দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী এবং করের আওতা বাড়ানো সময়ের বড় দাবি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ এখন একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পরিকল্পিত উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং চলমান সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে।

তিনি বলেন, অতীতে কিছু বড় প্রকল্প যথাযথ পরিকল্পনা ছাড়া নেয়ায় ঋণের চাপ বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয় ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে, যা অর্থনীতিতে চাপ তৈরি করেছে।

তিনি আরো বলেন, নেয়া ঋণ সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং নতুন প্রকল্প গ্রহণে সতর্ক হতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বাস্তবসম্মত ও ফলপ্রসূ প্রকল্প নির্বাচন জরুরি।

কর ব্যবস্থার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক নয়। করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অর্থনীতির বড় একটি অংশ এখনো করের বাইরে রয়েছে, তাই করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়িয়ে ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং উন্নয়ন কার্যক্রমকে টেকসই ধারায় এগিয়ে নিতে হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমা, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।