তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকাসহ বিভিন্ন পাওনার দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার পর সচিবালয়ের পাশে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের মধ্যে টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা শ্রম ভবন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডে পুলিশের ব্যারিকেড থাকায় বাধার সম্মুখীন হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায় শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড়ে জ্যামের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গতকাল (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছিলেন টিএন্ডজেড অ্যাপারেলস লিমিটেড এবং অ‍্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। সন্ধ্যা ৭টার পরে তারা মূল সড়ক ছেড়ে আশেপাশের রাস্তায় অবস্থান করে। আজকে তৃতীয় দিনের মতো তাদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল।