কয়েক সপ্তাহের কঠিন প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তিনটি দল। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘টিম পিকি ব্লাইন্ডার্স’।
গতকাল সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলে এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও দুবাই থেকে ৩০০টিরও বেশি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম ০০৭’ প্রথম রানার্সআপ হয়েছে।
এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম এসপ্রেসো’ দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
দেশের পরবর্তী প্রজন্মের করপোরেট নেতৃত্ব খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটিতে শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে একাডেমিক জ্ঞান প্রয়োগের সুযোগ দেয়া হয়। বাজার বিশ্লেষণ, ব্র্যান্ড কৌশল, ব্যবসায়িক পরিকল্পনা ও করপোরেট যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সাজানো হয়।
প্রতিযোগিতায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ছিল। চ্যাম্পিয়ন দল পায় ১ লাখ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং ২৫ হাজার টাকা মূল্যের করপোরেট সুবিধা। প্রথম রানার্সআপ দল পায় ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ দল পায় ৫০ হাজার টাকা। পাশাপাশি বিজয়ীদের জন্য ছিল পেশাগত ক্যারিয়ার প্যাকেজ।
চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফর তুহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জের চেয়ারম্যান মো. মামুন মাহমুদ। এছাড়া আইইউটির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা।










