দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি ছিল। নতুন পাকা সড়ক নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তিনি আরো বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যন্ত এলাকাতেও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।
সড়কটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
পরে মন্ত্রী দিনাজপুর শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করেন। এতে সদর, বিরল, কাহারোল, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও খানসামা উপজেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩ হাজার ২৪ জন শিশুর মধ্যে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার অনুদান দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রী দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় পরিদর্শন করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন।










