নরসিংদীর মাধবদীর ছোট গদইচর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতের নাম মো. আতিক উল্লাহ (৩৬)।  র‌্যাবের দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি আতিক।

গতকাল বিকালে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বাংলাদেশের ফতোয়া নির্ধারক ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদের (হুজি) দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেফতারকৃত আফগান ফেরত মুজাহিদ আতিকুল্লাহর কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন।