আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৬ এ অংশ নিতে রোববার চীনের শেনঝেন শহরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ৫ সদস্যের বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড দল। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগিতার জন্য এ বছর সারা দেশের ৪৮ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে চার ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ৫ জনকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী হল: ফারাবিদ ইবনে ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), যাইফ ইবনে মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)।
২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শিক্ষার্থীদের মাঝে অর্থনীতির জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদের বিশ্লেষণমূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে ব্র্যাক, পূবালী ও সিটি ব্যাংক।










