বাজারে শুল্কমুক্ত সুবিধা দিতে বাংলাদেশের শ্রম অধিকারের আরো উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র।  এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

আজ রোববার  (২১ এপ্রিল) সচিবালয়ে যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের  (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। 

সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইনের সংস্কারের দাবি জানিয়ে ১১ দফার একটি কর্মপরিকল্পনা দিয়েছে। ট্রেড ইউনিয়ন যেন আরো সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। তবে এ আইনের সংস্কারে  ত্রি-পক্ষীয় (মালিক,শ্রমিক ও সরকার) কমিটির ঐক্যমতের প্রয়োজন আছে। 

তপন কান্তি ঘোষ আরো জানান, পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্র অন্য পণ্য নিতে চায়।  ওষুধ কোম্পানিগুলো যেন সহজে ও স্বল্পখরচে নিবন্ধন  করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। 

প্রসঙ্গত, বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও যুক্তরাষ্ট্রের পক্ষে (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্ব দেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব নুসরাত জাবিন বানু, যুগ্ম সচিব ড. ফারহানা আইরিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।