চাঁদপুরে পিকআকের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চাঁদপুর: আবু তাহের মোল্লা (৫৫) তার ছেলে মামুন মোল্লাকে (২৫) নিয়ে চাঁদপুর সদর উপজেলার সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন। অটোরিকশায় তারা ছাড়াও আরো তিন যাত্রী ছিলেন। গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের গোগরা নামক স্থানে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আহত তিন যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু তাহের মোল্লা ও তার ছেলে হাজীগঞ্জ উপজেলার গন্দর্বপুর ইউনিয়নের মোল্লাবাড়ীর বাসিন্দা।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। তবে পিকআপের চালক ঘটনার পর পরই পালিয়েছেন।
ঢাকা: রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুজন পিকআপ চালক বাবুল চিশতি (৪০) ও তার সহযোগী কবির হোসেন (৫০) নিহত হয়েছেন। গত রোববার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই আবু সায়েম।
তিনি জানান, দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় পিকআপ চালকসহ দুজন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাবুল চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টার দিকে মারা যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রীকে পাওয়া যায়নি। ধারণা করা হয়, বাসের যাত্রীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বগুড়া: জেলার আদমদীঘিতে রাস্তা পার হতে গিয়ে জ্বালানি তেলবাহী লরিচাপায় হিরেন্দ্রনাথ বর্মণ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার নসরতপুর মুরইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরেন্দ্রনাথ বর্মণ শিবগঞ্জ উপজেলার নসরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের বিরেন্দ্রনাথ বর্মণের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় বাবু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার আড্ডা-সারাইগাচ্ছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু গোমস্তাপুর ইউনিয়নের দোসিমানি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভটভটির চালক বাবু নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর: জেলার মাদারগঞ্জে কয়লাভর্তি ট্রাক উল্টে চালক সাইদুর রহমান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী এনামুল হক (১৮) আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার ঘুগুমারিতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।










