নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর হোসেনের উপস্থিতিতে তার বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজির চারটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন সরকার জানান, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামী ২২ এপ্রিল আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।










