বরিশালে সাড়ে পাঁচ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ১৯ জনকে নৌ পুলিশ এবং দেড় লাখ রেণু পোনাসহ একজনকে উপজেলা প্রশাসন আটক করেছে।

গতকাল ভোরে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় বরিশাল সদর নৌ থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপরজন ১২ বছর বয়সের শিশু হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। জব্দ করা রেণু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান জানান, একটি ট্রাকে ২০টি ড্রামে ভর্তি করে এসব রেণু পোনা ভোলা থেকে খুলনার দিকে নেয়া হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেণু পোনাসহ ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে, প্রতি ড্রামে ২০ হাজার করে গলদা চিংড়ির রেণু পোনা রয়েছে।

এদিকে বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ একটি পিকআপ ও এক পাচারকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সদর ইউএনও মো. মুনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।