বিস্তারিত ফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিপিএসসি সচিবালয় থেকে গতকাল দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পিএসসির পূর্বঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাতদিন আগেই এ ফল প্রকাশ করল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে পিএসসি তাদের পরীক্ষা ও ফল প্রকাশের গতি বাড়ালেও এর প্রকৃত সুফল পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত ফল প্রকাশের পর পিএসসি সুপারিশ পাঠালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার ধীরগতির কারণে আটকে থাকছে চূড়ান্ত নিয়োগ। কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট থেকে। এখন ১১ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের নীতিগত অনুমোদনক্রমে উত্তীর্ণদের ফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ ফল এবং এ-সংক্রান্ত প্রাসঙ্গিক সব তথ্যাবলি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে কমিশন আরো উল্লেখ করেছে, প্রকাশিত ফলে যুক্তিসংগত কোনো কারণে পরিবর্তনের প্রয়োজন হলে তা সংশোধনের পূর্ণ অধিকার কমিশন সংরক্ষণ করে।
৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। এ পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেয়া হবে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ ও পুলিশ ক্যাডারে নিয়োগ দেয়া হবে ১১৭টি পদে।










