চলতি শীতের মৌসুমে দেশে প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গতকাল শুক্রবার। এদিন তিন জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ তার আওতা বেড়ে হয়েছে চার জেলায়। তবে আগামীকাল রোববার ও সোমবার তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে শৈত্যপ্রবাহের আওতা ধীরে ধীরে কমতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় ৯ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ৭, যশোরে ১০, ঈশ্বরদীতে ১০ দশমিক ২, বদলগাছিতে ১০ দশমিক ৩, গোপালগঞ্জে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামীকাল (রোববার) থেকে দুইদিন দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
তিনি বলেন, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বাতাসে তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং ৮ ডিগ্রির উপরে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি ও ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তা তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে।










