দেশের সব নদী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘উপজেলা নদী রক্ষা কমিটি’ আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী দখলের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে। দখলদার যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। তবে আড়াইহাজারে নদী দখল নেই, এটি একটি সুখবর।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নদী রক্ষায় সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। তবে একা সরকারের পক্ষে নদী রক্ষা করা সম্ভব হবে না। এজন্য দেশের সব নাগরিককে এগিয়ে আসতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে, এজন্য দেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে উপজেলা নদী রক্ষা কমিটির সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নদীসহ খাল, বিল, জলাশয় ও সমুদ্র উপকূল রক্ষা ও নদ-নদী পুনরুদ্ধারের মিশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে গঠিত সংবিধিবদ্ধ সংস্থা জাতীয় নদী রক্ষা কমিশন।

জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৮ সালের প্রতিবেদনে দেশে ৪৯ হাজার ১৬২ জন নদী দখলকারীকে চিহ্নিত করার কথা জানানো হয়। এ প্রতিবেদন প্রকাশের পর গত ২৯ ডিসেম্বর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানিয়েছিলেন দখলদারদের দ্বিতীয় তালিকা তৈরির কাজ শুরুর কথাও। গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে দেশে ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ থাকার কথাটি ফের জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।