প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তাদের বৈঠক নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) দুই দফা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বৈঠকে নিয়ে বিডা প্রথম সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাড়ে ৭টার দিকে। বিজ্ঞপ্তির শিরোনাম ছিল, ‘দেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।’
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ (প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল) গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন।
সেখানে নির্বাচিত পরিষদের সদস্যদের তালিকাও দেয়া হয়। এমনকি সদস্যদের পরিচিতি অন্তর্ভুক্ত করে বিডার ভেরিফাইড ফেসবুকে ছবিও প্রকাশ করা হয়।

বিডার ফেসবুক পোস্ট, পরে পোস্টটি সংশোধন করা হয়
এরপর রাত সোয়া ৮টার দিকে বিডা আবারো প্রেস রিলিজ পাঠায়। সেখানে বলা হয়, অনুগ্রহ করে আগের প্রেস রিলিজটি (সংবাদ বিজ্ঞপ্তি) উপেক্ষা করুন এবং নিচের সংশোধনগুলো অনুসরণ করুন।
সংশোধীত সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে বলা হয়, ‘বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক’।
প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে শীর্ষ স্থানীয় বৈঠক করেছেন উল্লেখ করে প্রেস রিলিজে বলা হয়, এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিয়েছেন।
এত বলা হয়, সভাটি শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারি খাতের উদ্যোক্তারা হলেন— ড. আরিফ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই পিএলসি; সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ফুটওয়্যার লিমিটেড; হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ; আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ; জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ; আবদুল মুকতাদির, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইনসেপ্টা গ্রুপ; মো. আব্দুল জাব্বার, ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ; সোহানা রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, র্যাংগস গ্রুপ; এবং সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স গ্রুপ।
সংশোধীত প্রেস রিলিজে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘উদ্যোক্তাদের সঙ্গে এই সভার উদ্দেশ্য হলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের একত্র করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’










