ময়মনসিংহের গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। রোববার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার কাজী আখতার উল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– গৌরীপুরের ভাঙনামারী এলাকার কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরো একজনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোন স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের তিন মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিল। ঈদ করার জন্য আজ সকালে বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরো বলেন, আমাদের পরিবারে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে এটি মেনে নিতে পারছি না। একই পরিবারের চারজনকে হারিয়ে আমার বোনের স্বামী মানিক পাগলের মতো হয়ে গেছে।