সারা দেশে যাত্রীবাহী নৌযান চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় বরিশাল নদীবন্দরে বিক্ষোভ মিছিল করেন নৌযান শ্রমিকরা। বিআইডব্লিউটিএর পন্টুনের উত্তর প্রান্ত থেকে মিছিল শুরু করে নদীবন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় নৌযান চালুর দাবিতে স্লোগান দেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রমিক ও নেতারা বলেন, গত ৫ মার্চ থেকে লকডাউনের কারণে সরকারি নির্দেশনা অনুসারে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। টানা ৪৩ দিন বন্ধ থাকলেও শ্রমিকরা বেতন-বোনাস পাননি। দুয়েকজন লঞ্চ মালিক সামান্য কিছু দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় শ্রমিকদের পরিবার অসহায় জীবনযাপন করছে। আধাবেলা-একবেলা খেয়ে কোনোরকম বেঁচে আছে। অন্যদিকে বিধিনিষেধের মধ্যেও জেলার অভ্যন্তরীণ বাস ও বিমান চলাচল শুরু হয়েছে।










