৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভরাডুবি হয়েছে। গতকাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলার মধ্যে কুতুবদিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং কক্সবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কিন্তু শেষ পর্যন্ত তারা দুজনেই বিশাল ব্যবধানে হেরেছেন চেয়ারম্যান পদে। সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ৮ হাজার ৭৩৬ ভোটে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
অন্যদিকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী তার ভাতিজা ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেমের কাছে ২৩ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে তিনি পেয়েছেন ৩ হাজার ৯৬৫ ভোট। ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও দুই উপজেলার সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় উঠছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন নির্ভয়ে। মাঠে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর ছিল।










