সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৩ মার্চ) ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, শনিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাইপ লাইনের মাধ্যমে পানি দেয়া হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পানি দেয়া হয়েছে। বন রক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে কাজ করেছেন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার কারণ কি হতে পারে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে, শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি-সংলগ্ন বনে ধোয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দুপুরের দিকে তাদের সঙ্গে নিয়ে আগুন লাগা স্থান শনাক্ত ও নির্বাপনের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বনের মধ্যে প্রায় দেড় কিলোমিটার এলাকা ধরে ফায়ার লাইন (শুকনো পাতা, মাটি সরিয়ে নালা) করে। তবে রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযান সমাপ্ত করে চলে গেলেও, বন বিভাগ নিজস্ব ব্যবস্থায় আগুন লাগা স্থানে পানি দিতে থাকে। বন বিভাগের সঙ্গে যোগ দেয় অর্ধশতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক।










