চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন ও খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে পথে রয়েছে আরো দুটি জাহাজ, যা আগামী ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বন্দর সূত্র জানিয়েছে, মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৫টি জ্বালানিবাহী জাহাজের খালাস সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা এলপিজিবাহী জাহাজ এলপিজি সেভান খালাস কার্যক্রমে রয়েছে। একই সময়ে থাইল্যান্ড থেকে বেস তেল নিয়ে আসা এবি অলিভিয়া নামের একটি জাহাজ বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

বন্দর কর্তৃপক্ষের মতে, এসব জাহাজের আগমন দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও পরিবহন ঝুঁকির কারণে জাহাজ চলাচলের সময়সূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে খালাস কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ আগমন এবং দ্রুত খালাস নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না।