ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দশম ডাবল সেঞ্চুরি হয়ে গেল। গতকাল হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের রাজসিক ইনিংস খেলেছেন ভারতের ওপেনার শুভমান গিল। তার রাজসিক ব্যাটিংয়ে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তুলে নেয়। পরে মাইকেল ব্রেসওয়েলের বীরোচিত ইনিংসে (৭৮ বলে ১৪০) জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ১২ রানে হার মানে কিউইরা।
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেলেন গিল। এর আগে ভারতের হয়ে রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ ও ইশান কিশান ডাবল সেঞ্চুরি করেন। রোহিত শর্মা একাই করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি।
এছাড়া একগুচ্ছ রেকর্ড গড়েছেন গিল। তিনিই সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান। গতকাল তার বয়স ছিল ২৩ বছর ১৩২ দিন। তিনি ইশান কিশানের রেকর্ড ভাঙেন, যিনি গত মাসে বাংলাদেশের বিপক্ষে ২৪ বছর ১৪৫ দিন বয়সে ডাবল করেন। ১৯ ইনিংসে এক হাজার রান করেন গিল, যা ওয়ানডেতে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম। ১৮ ইনিংসে এক হাজার রান করে রেকর্ডটা পাকিস্তানের ফখর জামানের।
গত সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ৮৯ বলে সেঞ্চুরি করা গিল গতকাল তিন অংক ছুঁয়েছেন ৮৭ বলে। ভারত দলীয় ৬০ রানে ওপেনার রোহিত শর্মাকে (৩৪) হারায়। কলকাতায় শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি (৮*) দলকে হতাশ করেন। ইশান কিশানও ৫ রানে আউট হয়ে যান।
এক প্রান্ত দিয়ে নিয়মিত উইকেট পতন হতে থাকলেও অন্য প্রান্তে হিমালয়সম প্রত্যয় নিয়ে খেলতে থাকেন গিল। তিনি ৫২ বলে হাফ সেঞ্চুরি, ৮৭ বলে সেঞ্চুরি, ১২২ বলে ১৫০ ও ১৪৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। গিল ১৯টি চার ও ৯টি ছক্কায় ইনিংস সাজান।
এর আগে ভারতের রোহিত শর্মা (২৬৪, ২০৯, ২০৮*), শচীন টেন্ডুলকার (২০০*), বিরেন্দর শেবাগ (২১৯), ইশান কিশান (২১০), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫) ও পাকিস্তানের ফখর জামান (২১০*) ডাবল সেঞ্চুরি করেন।










