রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়িতে আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে তবলছড়ি পোস্ট অফিস কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসকর্মীরা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে বসতঘরগুলো পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। স্থানীয়রা বলছে, পাড়ার রফিকের ছোট ছেলে দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে তার ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবার কেউ বলছেন, ঘরের চুলা থেকে সূত্রপাত।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পোস্ট অফিস কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩৫-৪০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। তবে কাঁচাঘর হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুনে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।










