দেশে নারী স্বাস্থ্য ও কল্যাণে বড় ধরনের পরিবর্তন আনতে ডিজিটাল স্বাস্থ্য অ্যাপ চালু এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি তরুণ চিকিৎসকদের আন্তর্জাতিক উচ্চতর প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নারী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমাদের যে ম্যান্ডেট দিয়েছেন, আমরা তাদের দোরগোড়ায় সেই সেবা পৌঁছে দেব।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড জিয়া হায়দার।

চিকিৎসক ও মাঠকর্মীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের এ বিশাল মাঠ পর্যায়ের কর্মীবাহিনীকে স্তন ক্যান্সার ও ফিস্টুলা স্ক্রিনিংয়ের বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এর পাশাপাশি তরুণ সার্জনদের জন্য সার্জিক্যাল ট্রেনিং এবং ডাক্তারদের জন্য ক্যান্সার থেরাপির বিশেষায়িত প্রশিক্ষণের বিষয়টিও সুনির্দিষ্টভাবে থাকা উচিত।

তিনি ইউরোপীয় বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণ চিকিৎসকদের জন্য স্বল্পমেয়াদি আন্তর্জাতিক প্রশিক্ষণ ফেলোশিপের সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

সেমিনারে বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর একটি যুগান্তকারী রূপরেখা তুলে ধরেন।

তিনি বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমানে তিন ধরণের ফ্রন্টলাইন কর্মী রয়েছেন। এদের সবাইকে একত্রিত করে কমিউনিটি হেলথ ওয়ার্কার নামে একটি একক ও সমন্বিত বাহিনী গড়ে তোলা হয়েছে।

নতুন এক লক্ষ সহ দেশের মোট ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি কমিউনিটি স্বাস্থ্যকর্মী প্রতি দুই মাসে অন্তত একবার দেশের প্রতিটি পরিবার পরিদর্শন করবেন এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করবেন বলেও জানান তিনি।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শাহ ইমাম আলী রেজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন ক্যামকং এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম সহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ চিকিৎসকরা।