জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্বপাশে ৪ ফুট বাই ৭ ফুট নতুন কবর খোঁড়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। সেখানেই তাকে সমাহিত করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। তিনি বলেন, যে স্থাপত্য প্রকৌশল সংস্থা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আর্কিটেক্টের কাজ করেছিল, সে সংস্থাকে দিয়েই এবার খালেদা জিয়ার কবর খোঁড়ানো ও বাঁধাই করা হচ্ছে, যাতে মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন না আসে।

বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ২০০২ সালে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানের সমাধিস্থলটি নতুনভাবে সংস্কার করা হয়। যেখানে একটি সুন্দর ব্রিজ নির্মাণসহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও প্রাঙ্গণ ফুটিয়ে তোলা হয়। আজ সেই সুন্দর স্থাপনার অবয়ব ঠিক রেখেই জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্বপাশে খালেদা জিয়ার জন্য নতুন করে খবর খোঁড়া হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জমান চৌধুরী বলেন, আজ মঙ্গলবার রাতেই তারা কবর খোঁড়া ও তাতে মার্বেল পাথর স্থাপন করাসহ আনুষঙ্গিক কাজ সেরে ফেলতে চান। কাল সকাল নাগাদ হয়ত কিছু কাজ করা হতে পারে।