নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েত প্লাজা এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ স্বপন ও সবুজ নামে দুই বন্ধুকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর ৪টায়। বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের কেশব গাইনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েত প্লাজার এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ী থেকে যৌনকর্মী নিয়ে ফুর্তি করতে আসে। ভোর ৪টায় বন্ধুদের সঙ্গে বিকাশের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,  বিকাশের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।