ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর কাউন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ছক্কার রেকর্ড গড়লেন বেন স্টোকস। কাউন্টিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে গতকাল উস্টারশায়ারের মাঠে ৬৪ বলে সেঞ্চুরি করা স্টোকস হাঁকিয়েছেন রেকর্ড ১৭ ছক্কা।

চলতি গ্রীষ্মে এটাই স্টোকসের প্রথম শ্রেণীর প্রথম ম্যাচ। এই ম্যাচে নেমেই প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করলেন ইংল্যান্ড টেস্ট দলনায়ক। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি। এ পথে ডেভিড বেডিংহামের (১৩৫) সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেন ২২০ রান। জস বেকারের করা একটি ওভারে পাঁচ পাঁচটি ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেন স্টোকস।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিন সকালে শুরুর দিকে বেন গিবসনের বলে স্কট বোর্থউইক লেগ বিফোরের ফাঁদে পড়লে ব্যাটিংয়ে নামেন স্টোকস। দেখেশুনে শুরু করলেও কিছুক্ষণ পরই রুদ্রমূর্তি ধারণ করেন ৩০ বছর বয়সী এ বামহাতি ব্যাটার। এরপর যা করেছেন তাতে স্টোকসের নামটি লেখা হয়ে যায় কাউন্টির রেকর্ডবুকে। দশম ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি, যার শেষ পাঁচটিই মারেন বেকারের এক ওভারে। ওই ওভারের শেষ বলটিও একেবারে সীমানার কাছাকাছি চলে গিয়েছিল। এর পরও ওভারটি থেকে ৩৪ রান তুলে নেন তিনি। অবশেষে ১৬১ রানে থামেন স্টোকস। টর্নেডো এই ইনিংসে তিনি ১৭টি ছক্কা মেরেছেন। ডারহাম ৬ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।