গত ১৫ বছরে ব্যাপক পরিসংখ্যান ম্যানুপুলেশনের কারণে ডাটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, এখন আমরা সঠিক পরিসংখ্যান দিচ্ছি। তাই ১৩ শতাংশ মূল্যস্ফীতি হওয়ায় সমালোচনা হচ্ছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক কর্মশালায় প্রধান অথিতি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, জিডিপি এবং মাথাপিছু আয়সহ সব ধরনের ডাটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আসলেই কি আমাদের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি কিনা তা বলা যাচ্ছে না। ২০০৮ সালেও মূল্যস্ফীতি ডাটা ম্যানিপুলেশন হয়েছিল। তাই আমরা সঠিক পরিসংখ্যান দেয়ায় সমস্যা তৈরি হচ্ছে , মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা হচ্ছে।

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে তিনি বলেন, এখন গ্র্যাজুয়েশন পিছিয়ে না দেয়া নিয়ে আলোচনা হচ্ছে। তবে যেটা করলে জাতি হিসেবে আমাদের লাভ হবে সেটাই করা হবে।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের কথা চ্যালেঞ্জ করা হয় না বলেও মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।