নারায়ণগঞ্জের চাষাঢ়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে ফতুল্লাহ বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত রোববার রাতে নগরীর চাষাঢ়া থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী ফতুল্লার বক্তাবলী যাওয়ার জন্য বেলালের অটোরিকশাটি ৯০ টাকায় ভাড়া করে। বক্তাবলী ঘাটে নেমে তিন ছিনতাইকারী চালক বেলালকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।

আসলাম হোসেন জানান, অটোরিকশাচালক বেলালকে হত্যার ঘটনায় তিনজনকে ভোলাইল এলাকা থেকে অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জাহিদ (২৭), রবিউল (২৫) ও বোরহান (২২)। নিহতের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।