রাজধানী ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে আজ রোববার (২৩ মার্চ) ঢাকার অবস্থান তিন নম্বরে। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮১)। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), ভারতের দিল্লি (১৮১) ও ভিয়েতনামের হ্যানয় (১৮০)।

সূচক অনুযায়ী ঢাকার মতো পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩) একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।