নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সুমন মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দাপা এলাকায় এ ঘটনা ঘটে। সুমন মিয়া ফতুল্লা দাপা ইদ্রাকপুর করবস্থান রোড এলাকার নওয়াব আলীর ছেলে।
রেলওয়ে পুলিশের নারায়ণগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর ঘটনাটি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে সুমন মিয়া ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সুমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










