রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ২৬৩ বস্তা ভুট্টাবোঝাই ট্রাক রংপুরে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে রংপুরের তেমাথা এলাকার নাদের এন্টারপ্রাইজ নামে একটি গুদাম থেকে ভুট্টাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসেম ও নাদের নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই নাজিমউদ্দিন জানান, গত ১৯ নভেম্বর রূপগঞ্জের রূপসী এলাকার নিউ জিকে ট্রেডার্স অ্যান্ড ট্রান্সপোর্ট থেকে ৩১৫ বস্তা ভুট্টা নিয়ে বগুড়া জেলা নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির উদ্দেশে রওনা হয় ট্রাকটি। পরে সময়মতো ট্রাক না পৌঁছলে ভুট্টার মালিক আব্দুল্লাহ আল বাকি ট্রাক ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করেলে ভুট্টা না দিয়ে উল্টো মালিকের কাছে মোটা অংকের টাকা দাবি করেন। পরে এ ঘটনায় আব্দুল্লাহ আল বাকি রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রংপুরের তেমাথা এলাকার নাদির এন্টারপ্রাইজ নামে একটি গুদাম থেকে ২৬৩ বস্তা ভুট্টাসহ ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় হাসেম ও নাদের এন্টারপ্রাইজের মালিক নাদেরকে গ্রেফতার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ছিনতাই হওয়া পণ্য ও ট্রাক উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।










