ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সোমবার (৯ ডিসেম্বর) অভিযানে সিআইসির দলটি গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, কর ফাঁকির অভিযোগে আয়কর আইনের ২০৪ ধারা অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কাজ এবং ২০৬ ধারা অনুযায়ী তল্লাশি ও জব্দ কাজ পরিচালনা করা হয়। সিআইসির আটজন সদস্য কিশোরগঞ্জের মিঠামইনে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা স্থানীয়দের সাক্ষ্যও গ্রহণ করেছেন।