রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেইসঙ্গে প্রায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩ দশমিক ৫ গ্রাম রূপা, ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— শাহিন মাতাব্বর ওরফে সাহিদ (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।
ডিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতের অন্ধকারে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ থেকে দুঃসাহসিকভাবে স্বর্ণালংকার চুরি হয়। ঘটনাটি রমনা থানায় মামলা হিসেবে নথিভুক্ত হলে ডিবির একটি বিশেষ দল তদন্তে নামে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
তদন্তে জানা যায়, আসামিরা তিন মাস ধরে দোকানটি চুরির পরিকল্পনা করছিল। তারা মার্কেটের পেছনে সরঞ্জাম লুকিয়ে রাখে ও একাধিকবার রেকি করে। ঘটনার রাতে তারা দড়ি ও ‘ইউ’ লুপ ব্যবহার করে ছাদ দিয়ে মার্কেটে প্রবেশ করে, বোরকা পরে দোকানের দরজা ভেঙে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
পরে টানা অভিযানে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম থেকে শাহিন মাতব্বরকে গ্রেফতার করা হয়। তার বাড়ির গোয়ালঘর থেকে ১২১ ভরি স্বর্ণ উদ্ধার হয়। একই দিন বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে সুমনের স্ত্রী অনিতা রায়ের হেফাজত থেকে ৫২ দশমিক ৮১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়; তার কাছ থেকে ২ ভরি স্বর্ণ, ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়। একই রাত ভোরে শাখারী বাজার থেকে উত্তম চন্দ্র সুরকে গ্রেফতার করা হয়; তার কাছ থেকে ১৩ দশমিক ৬৭ ভরি স্বর্ণ ও ৯৩.৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, এই অভিযানের মাধ্যমে সংঘবদ্ধ চোর চক্রের মূল সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










